আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৪, ২০২৬, ০৪:২৪ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত ২১ জানুয়ারি কোতোয়ালি থানায় দায়ের করা এই মামলায় রাশেদ খান মেনন এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে 'রাজাকার ও যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের একটি সেমিনারে তিনি দাবি করেছিলেন যে, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, বরং তিনি ছিলেন মুক্তিযুদ্ধে এক অনুপ্রবেশকারী।
অন্যদিকে, ২০১৩ সালের জুলাই মাসে পৃথক অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজ আসামিদের জামিন মঞ্জুর করেন।
জেএইচআর