নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট থেকে তিনি পাঁচটি মামলায় জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়।
পরে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেই মামলাগুলোতেও জামিন দেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়ে যায়।
পরবর্তী সময়ে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করে। পরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথক আদেশে সেই আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই মেয়র।
এএন