আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৯ পিএম
আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী এবার ঈদে ৫ দিনের ছুটি বরাদ্দ থাকলেও, মাত্র কয়েক দিনের বাড়তি ছুটিতে এই অবসর ৭ থেকে ১০ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে পবিত্র শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৭ দিনের ছুটির সুযোগ পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির হিসাব এখানেই শেষ নয়। ঈদের ছুটির পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এর পরের দুদিন অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ এই দুদিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে তিনি টানা ১০ দিনের এক দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, ক্যালেন্ডারের এই বিন্যাসের কারণে এবার ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা অনেকটা সময় প্রিয়জনদের সাথে কাটাতে পারবেন। তবে এই দীর্ঘ ছুটির পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নির্ধারিত কর্মদিবসগুলোতে নিজ নিজ দপ্তর থেকে যথাযথভাবে ছুটি অনুমোদনের প্রয়োজন হবে।
জেএইচআর