ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চৌগাছায় বেশি দামে বিক্রির চেষ্টায় ৪০ বস্তা সরকারি টিএসপি সার জব্দ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৬, ০৭:৪৮ পিএম

চৌগাছায় বেশি দামে বিক্রির চেষ্টায় ৪০ বস্তা সরকারি টিএসপি সার জব্দ

যশোরের চৌগাছা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ৪০ বস্তা সরকারি টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার বহনকারী নছিমনের চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কায়েমকোলা বাজারের মান্নান ট্রেডার্স থেকে ৪০ বস্তা সরকারি টিএসপি সার কমলাপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কালীতলা এলাকায় সারবোঝাই নছিমনটি আটক করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা হলেও সারগুলো প্রায় দ্বিগুণ দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। ৪০ বস্তা সারের সরকারি মূল্য ৫৪ হাজার টাকা হলেও জব্দ করা চালানে মোট মূল্য উল্লেখ করা হয়েছিল ৮৭ হাজার ৭২০ টাকা।

এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০২৬ এর ১২ ধারায় নছিমনের চালককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনিব। তিনি বলেন, সরকারি সার অবৈধভাবে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকের স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সার আইনগত প্রক্রিয়া শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইনের তত্ত্বাবধানে প্রকৃত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকায় খোলা বাজারে বিক্রির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এম জি

Link copied!