আমার সংবাদ ডেস্ক
মার্চ ৫, ২০২৬, ১০:১১ পিএম
মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের সিট দখলের প্রবণতা বন্ধ করতে মতিঝিল স্টেশনে ট্রেন চালানোর পদ্ধতিতে এই পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এই নতুন নিয়ম ও অপারেশনাল পরিবর্তনের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতে বড় ধরনের বদল আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর ওই একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। প্রত্যেক যাত্রীকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে। যদি কেউ পুনরায় উত্তরার দিকে যেতে চান, তবে তাঁকে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে। আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে যাত্রীসহই ফিরে যেত, যা এখন থেকে বন্ধ করা হয়েছে।
এছাড়া মেট্রোরেলের স্টেশন বা ট্রেনের ভেতরে অহেতুক ঘোরাঘুরি বন্ধে কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশের পর বের হওয়ার মধ্যবর্তী সময়সীমা কমিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের বেশি প্ল্যাটফর্ম বা সিস্টেমের ভেতরে অবস্থান করলে যাত্রীকে জরিমানার সম্মুখীন হতে হবে। মূলত উত্তরা থেকে আসা মতিঝিলগামী ট্রেনের আসন আগেভাগে দখল করে রাখার অভিযোগ খতিয়ে দেখেই কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
জেএইচআর