আমার সংবাদ ডেস্ক
মার্চ ১০, ২০২৬, ১১:১৮ এএম
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিন সকালে টিএন্ডডি মাঠে জড়ো হন নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে এরইমধ্যে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু তাদের চোখেমুখে। সহায়তার টাকায় কেউবা স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, কেউবা কিছুটা সঞ্চয়ের।
চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সচিবালয়ে সোমবার (৯ মার্চ) ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে।
সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। এতে থাকবে না দলীয় প্রভাব। নিশ্চিত করা হবে স্বচ্ছতা, কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড ‘মা’ কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেবে সরকার।
এএন