আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৫৮ পিএম
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। এ লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, ঢাকা ও ওয়াশিংটন উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে চায়। তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা কার্যক্রম ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান এবং উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন কৃষি, জ্বালানি সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেল খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রা ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
এম জি