আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৬, ০৭:৫৮ পিএম
ঢাকা মহানগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় রাজধানীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে জলাবদ্ধতা নিরসন, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
মন্ত্রী বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে সম্পন্ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল পেতে পারে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি