আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৬, ০৮:৩৫ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ঈদ জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই প্রধান জামাতে ইমামতি করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার, যার মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা প্যান্ডেলের আওতায় আনা হয়েছে। এখানে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভিআইপিদের মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক ফটক থাকবে। নামাজের সুবিধার্থে ১২১টি কাতারের মধ্যে সাধারণ পুরুষদের জন্য ৬৫টি বড় আকারের এবং নারীদের জন্য ৫০টি ছোট আকারের কাতার নির্ধারণ করা হয়েছে।
মুসল্লিদের জন্য অজুখানায় একসঙ্গে ১৪০ জনের অজুর ব্যবস্থা রয়েছে, যার মধ্যে পুরুষদের জন্য ১১৩টি ও নারীদের জন্য ২৭টি পৃথক স্থান রাখা হয়েছে। এ ছাড়া ময়দানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, কার্পেট এবং বৃষ্টির পানি নিষ্কাশনসহ ওয়াটারপ্রুফ সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট এবং দৃষ্টিনন্দন তিনটি ফটক নির্মাণ করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুসল্লিদের স্বস্তিদায়ক নামাজ আদায়ের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জেএইচআর