নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতের এ ঘটনায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয় এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালমন্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের একদল উচ্ছৃঙ্খল সমর্থক এ হামলা চালায়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি আজ কর্মসূচি ঘোষণা করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলেন না? কেন তিনি ও সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে আলাদাভাবে চলে গেলেন?”
তিনি আরও উল্লেখ করেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে অপদস্ত করা হয়েছে, তাসনিম জারাকে গালিগালাজ করা হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুইতোকারি করা হয়েছে। অথচ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
রাশেদ খান অভিযোগ করেন, সরকার তিনটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানালেও অন্য দলগুলোকে উপেক্ষা করেছে। তার ভাষায়, “সারাদিন মুখে ইনক্লুসিভ সমাজব্যবস্থার কথা বললেও সরকার নিজেরাই বৈষম্য তৈরি করছে। প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধিদের এই আচরণ স্বার্থপর রাজনীতির বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নির্মূল না করে বরং পুনর্বাসন করছে। এর খেসারত গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব মহলকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইএইচ