নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৩৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে এক বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম তার বার্তায় জুলাইবিরোধী অপশক্তির নাশকতা ও ভাঙচুরের পরিকল্পনার কথা উল্লেখ করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে আমাদের সজাগ থাকতে হবে। জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যাতে ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে না পারে, সে বিষয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।”
উল্লেখ্য, বিপ্লবী তরুণ নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই রাজধানীসহ দেশজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত রাতের বিক্ষোভে একদল লোক দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এনসিপি তাদের শাহবাগের কর্মসূচি স্থগিত করে নতুন সূচি নির্ধারণ করেছে।
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ঘাতকদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকেই বিচার ও শাস্তির দাবিতে রাজপথে সরব রয়েছে ছাত্র-জনতা। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
ইএইচ