নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২৩ পিএম
সাড়ে ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবশেষে স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনে পৌঁছালেও তারেক রহমান সরাসরি যোগ দিয়েছেন রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনায়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালে বিমানটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিল। বিমানবন্দর থেকে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ ও সিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তায় ডা. জুবাইদা ও জাইমা রহমানকে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হয়। পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে সাড়া দেন জাইমা রহমান।
তাদের আবাসস্থল গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ঠিক পাশেই অবস্থিত। প্রিয় নেতার পরিবারের আগমনকে কেন্দ্র করে গুলশান এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
পুলিশ, র্যাব ও বিজিবির মোতায়েনের পাশাপাশি ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। সড়কের দুপাশে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকা উজ্জীবিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাদের স্বাগত জানান।
অন্যদিকে, পরিবারকে বিদায় দিয়ে তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দিকে রওনা হন। সেখানে তার অপেক্ষায় থাকা লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে রাজধানীর প্রতিটি প্রবেশপথে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ইএইচ