নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৩২ পিএম
নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বার্ষিক আয়ের দিক থেকে দেশের শীর্ষ অনেক রাজনৈতিক নেতাকে পেছনে ফেলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পেশায় ব্যবসায়ী নুরের বর্তমান বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয়ের চেয়েও বেশি।
বুধবার পটুয়াখালী-৩ আসন থেকে জমা দেওয়া নুরের হলফনামা থেকে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। হলফনামা অনুযায়ী, নুরের আয়ের মূল উৎস ব্যবসা, যেখান থেকে বছরে আসে ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা।
অন্যান্য নেতাদের আয়ের চিত্র বিশ্লেষণে দেখা যায়, তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ৩ লাখ ৬০ হাজার টাকা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে ১৬ লাখ টাকা।
তবে বার্ষিক আয়ে নুর এগিয়ে থাকলেও মোট সম্পদের হিসেবে এগিয়ে আছেন তারেক রহমান (১ কোটি ৯৬ লাখ টাকা) এবং ডা. শফিকুর রহমান (১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা)। নুরের মোট সম্পদের পরিমাণ ৯০ লাখ ৪৩ হাজার ৮৪১ টাকা।
সম্পদ বিবরণীতে দেখা যায়, নুরের কাছে নগদ ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। কোম্পানিতে শেয়ার বিনিয়োগ ২ লাখ ৭৫ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানত রয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা।
এছাড়া তার ৮২ ডেসিমেল এবং স্ত্রী মারিয়া আক্তারের নামে ৩ একর কৃষিজমি রয়েছে। ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা দেনা থাকলেও নুরের কোনো ব্যাংক ঋণ নেই। পেশায় শিক্ষিকা তার স্ত্রীর মোট সম্পদ ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়ছেন নুর। এই আসনে জোটগত সমঝোতায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি, তবে সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে নুরের নামে ৬টি মামলা চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন আগামী ২২ জানুয়ারি থেকে।
ইএইচ