আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৪৪ এএম
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসি সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্য পদের পাশাপাশি তাঁদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ পাঠ করানোর কথা ছিল। তবে বিএনপি আপাতত এই পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকছে। উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন।
নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি, স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
ভোটের হারের দিক থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি পেয়েছে মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ ছাড়া এনসিপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন ২ দশমিক ৭০ শতাংশ ভোট অর্জন করেছে।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দিয়ে কোনোটিতেই জামানত হারায়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী ২২৯টি আসনে লড়ে তিনটিতে জামানত হারিয়েছে। জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থীর মধ্যে মাত্র পাঁচজন তাঁদের জামানত রক্ষা করতে পেরেছেন।
অন্যান্য খবর অনুযায়ী, নতুন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু। তরুণদের দল এনসিপি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতে জামানত হারিয়েছে। এ ছাড়া সিপিবি, বাসদ ও নাগরিক ঐক্যসহ অধিকাংশ ছোট দলের প্রার্থীরা তাঁদের জামানত রক্ষা করতে পারেননি।
জেএইচআর