আমার সংবাদ ডেস্ক
মে ২২, ২০২৬, ০২:৩৭ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের মন্তব্য ইসলামী বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর।
শুক্রবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্যের নিন্দা জানান এবং তা প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে মাঝে মাঝে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী আইন না করার’ কথা বলা হলেও বাস্তবে ইসলামী শরিয়াহকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যা দেওয়ার ঘটনা আদর্শগত দ্বৈততা প্রকাশ করে।
তিনি আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এটি ইসলামী বিচারব্যবস্থার প্রতি অসম্মান হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি ওই মন্তব্য প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এম জি