ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৬, ০১:৪০ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার তাপস বৈশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাবেক ক্রিকেটারদের মধ্যে বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করছেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে। এই কার্ডের মাধ্যমে অধিনায়করা ভিআইপি গ্যালারিতে বসে বাংলাদেশের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। তবে এই উদ্যোগকে বৈষম্যমূলক বলে মনে করছেন তাপস বৈশ্য।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আগে থেকেই অধিনায়কদের জন্য এসি বক্স এবং অন্য জাতীয় দলের খেলোয়াড়দের জন্য সাধারণ গ্যালারির ব্যবস্থা ছিল। এখন ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর মাধ্যমে সেই বৈষম্য আরও প্রকট হয়েছে। তার ভাষায়, ‘অধিনায়কেরা রাজা, আর অন্যরা প্রজা।’
তিনি আরও প্রশ্ন তোলেন, একটি দল গঠিত হয় ১১ বা ১৪ জন খেলোয়াড় নিয়ে, সবাই মিলে দেশের জন্য খেলেন। তাহলে খেলা ছেড়ে দেওয়ার পর কেন সবার জন্য সমান মর্যাদা থাকবে না? উদাহরণ হিসেবে তিনি মোহাম্মদ রফিকের কথা উল্লেখ করে বলেন, জনপ্রিয়তা ও অবদানের দিক থেকে অনেক অধিনায়কের চেয়েও এগিয়ে থাকা একজন খেলোয়াড় সাধারণ গ্যালারিতে বসবেন, এটি গ্রহণযোগ্য নয়।
পোস্টের শেষাংশে তাপস বৈশ্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, আত্মসম্মানবোধ থাকলে সাবেক ক্রিকেটারদের এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া উচিত। তবে তার মতে, যারা এই কার্ড পেয়েছেন তারা প্রতিবাদ করবেন না, কারণ তারা বিশেষ সুবিধাভোগী হয়ে গেছেন।
এই ইস্যুতে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, যেখানে সাবেক খেলোয়াড়দের মর্যাদা ও সুবিধা নিয়ে প্রশ্ন উঠছে।
এম জি