স্পোর্টস ডেস্ক
জুন ১৮, ২০২৬, ১০:২৪ এএম
অধিনায়ক হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের একটি রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়াটদের ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচে ক্রোয়েশিয়া দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ইংলিশদের বিধ্বংসী আক্রমণভাগ সামলাতে পারেনি। ফলে দাপুটে জয়ে টুর্নামেন্টে দারুণ শুভসূচনা করল ইংল্যান্ড।
ইংলিশদের এই বড় জয়ের রাতে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর এই জোড়া গোলের সুবাদে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। যার মধ্যে একটি রেকর্ডে তিনি ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন, আর অন্য একটি কীর্তিতে বসেছেন ইংল্যান্ডের ইতিহাসের চূড়ায়।
ম্যাচের শুরুর দিকে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ইংলিশরা। খেলার ১১ মিনিটে কেইনের নেওয়া প্রথম পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। তবে শট নেওয়ার আগেই গোলকিপার গোললাইন ছেড়ে সামনে বেরিয়ে আসায় রেফারি পুনরায় শট নেওয়ার নির্দেশ দেন। ১২ মিনিটে দ্বিতীয় সুযোগে আর কোনো ভুল করেননি ইংলিশ অধিনায়ক। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।
বিশ্বকাপের মূল মঞ্চে (টাইব্রেকার বাদে) এটি ছিল কেইনের পঞ্চম পেনাল্টি গোল। বিশ্বমঞ্চের ইতিহাসে পেনাল্টি থেকে এককভাবে এত বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এই অনন্য রেকর্ড গড়ার পথে হ্যারি কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে পেনাল্টি থেকে যৌথভাবে ৪টি করে গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।
পেনাল্টি থেকে প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের ফুটবলে আরেকটি দারুণ কীর্তি গড়েন কেইন। কিংবদন্তি ডেভিড ব্যাকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য রেকর্ড স্পর্শ করলেন তিনি।
ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেইন। এরপর ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে একক নৈপুণ্যে বল নিয়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে বল পাঠান জুড বেলিংহাম। আর ম্যাচের শেষ দিকে (৮৫ মিনিটে) বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন উইঙ্গার মার্কাস রাশফোর্ড।
ইংলিশদের জন্য এই জয়টি বেশ স্পেশাল। এই জয়ের মাধ্যমে যেমন তারা ‘এল’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল, ঠিক তেমনি ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার মধুর প্রতিশোধও নেওয়া হয়ে গেল থ্রি লায়ন্সদের।
জেএইচআর