স্পোর্টস ডেস্ক
জুন ২০, ২০২৬, ১১:৫০ এএম
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন এই ফুটবলার এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পরবর্তী ম্যাচে তাকে দলে পাওয়া যেতে পারে।
পায়ের কাফের গ্রেড-২ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি এই তারকা।
তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় আগামী সপ্তাহের শুরু থেকে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তার।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় শেষে আনচেলত্তি বলেন, “নেইমার বর্তমানে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। শনিবার তিনি আলাদা সেশন করবেন এবং সোমবার থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।”
কোচের ভাষ্য অনুযায়ী, শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন নেইমার।
এর আগে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামেননি তিনি।
পরে জানা যায়, পুনর্বাসনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থেকে নিবিড় চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছেন।
এদিকে ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছেন বার্সেলোনা তারকা রাফিনহা।
হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, তবে তার চোটের প্রকৃতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আনচেলত্তি রাফিনহার চোট নিয়ে বলেন, “তার চোটের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে।”
২০২৫-২৬ মৌসুমেও হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনহা, যার ফলে নতুন এই চোট ব্রাজিল দলের মেডিকেল স্টাফদের বাড়তি সতর্কতায় রেখেছে।
গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর হাইতির বিপক্ষে দাপুটে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে বেশ এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকে ঘিরে ব্রাজিল শিবিরে বাড়তি আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার, যার প্রত্যাবর্তন সেলেসাওদের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।
এএন