স্পোর্টস ডেস্ক
জুন ২৭, ২০২৬, ০৭:৪৮ পিএম
২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার জন্য এটিই শেষ বিশ্বকাপ হতে পারে বলে অনেকের ধারণা। তবে রোনালদোর ইঙ্গিত বলছে, ২০২৬-এই হয়তো তার বিশ্বকাপ যাত্রার ইতি টানছেন না।
বিশ্বকাপ ট্রফি জয়ের পাশাপাশি আরেকটি ব্যক্তিগত স্বপ্নও রয়েছে রোনালদোর। সেটি হলো ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে জাতীয় দলের জার্সিতে খেলা। এই ইচ্ছার কথা তিনি আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন।
শুধু রোনালদো নন, একই স্বপ্ন দেখছে তার ছেলেও। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা জানিয়েছেন, ক্রিস্টিয়ানো জুনিয়র প্রায়ই তাকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করে। রোনালদোর ভাষায়, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র সবসময় আমাকে বলে খেলা চালিয়ে যাও, যেন ২০৩০ বিশ্বকাপে আমরা সতীর্থ হতে পারি।’
বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে নিজের ক্যারিয়ারও দারুণভাবে এগিয়ে নিচ্ছেন ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র। গতি, গোল করার দক্ষতা এবং আক্রমণভাগে বহুমুখী পারফরম্যান্সের কারণে ইতোমধ্যেই তিনি নজর কাড়তে শুরু করেছেন। মূলত লেফট উইঙ্গার হলেও ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার আক্রমণভাগের বিভিন্ন পজিশনে সমান কার্যকর।
২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনটি শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো জুনিয়র। ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে।
ক্লাব ফুটবলেও দুর্দান্ত ফর্মে রয়েছে রোনালদোর ছেলে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলেও নিয়মিত গোল করার পাশাপাশি একটি হ্যাটট্রিকও উপহার দিয়েছে সে।
এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সৌদি আরবের সংবাদমাধ্যম আল উইয়াম জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমে ক্রিস্টিয়ানো জুনিয়রকে আল নাসরের মূল দলের অনুশীলনে অন্তর্ভুক্ত করা হতে পারে। খবরটি সত্যি হলে বাবা-ছেলের একসঙ্গে মাঠে নামার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। এমনকি রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনও হয়তো একই মাঠে একসঙ্গে করতে দেখা যেতে পারে বাবা ও ছেলেকে।
এএন