স্পোর্টস ডেস্ক
জুন ২৭, ২০২৬, ০৩:২৯ পিএম
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। আগামী আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
আইসিসির নতুন যোগ্যতা অর্জনের নিয়ম অনুযায়ী, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এই সুযোগ নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে।
গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় তুলে নেয় চামারি আতাপাত্তুর দল। আর স্বাগতিক হওয়ায় পাকিস্তানের ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল।
আইসিসি আগামী ৬ জুলাই ২০২৬ নারী টি-টোয়েন্টি দলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করবে। ওই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল সরাসরি বিশ্বকাপের দশম ও শেষ দল হিসেবে জায়গা করে নেবে।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ফলে শেষ সরাসরি টিকিটটি পাওয়ার দৌড়ে আইরিশরাই সবচেয়ে এগিয়ে রয়েছে।
এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ৬ জুলাই প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এএন