ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:০১ পিএম

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টে

ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন আইনপ্রণেতা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর জোর দাবি তুলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফলোরিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা টুর্নামেন্টের মাঝপথে প্রত্যাহার করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এই নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে।

গত ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মার্কিন স্ট্রাইকার ফলোরিন বালোগুন। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরবর্তী নকআউট ম্যাচে তাঁর মাঠে নামার কোনো সুযোগ ছিল না। তবে অভিযোগ উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। ট্রাম্পের এই তদ্বিরের পরই ফিফা প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা ব্যারি অ্যান্ড্রুজ, লারা উলটার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, টুর্নামেন্ট চলাকালীন লাল কার্ডের শাস্তির নিয়ম আকস্মিক বদলে দেওয়া ফুটবলের ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে ফিফা তাদের নিজস্ব নিরপেক্ষতার নীতি চরমভাবে লঙ্ঘন করেছে।

আইনপ্রণেতারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন। তারা মূলত খতিয়ে দেখতে চান, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের কোনো অবৈধ প্রভাব ছিল কি না এবং ফিফা তাদের রাজনৈতিক নিরপেক্ষতার ধারা ভেঙেছে কি না। ইতোমধ্যে ৩৫ জন পার্লামেন্ট সদস্য এই তদন্ত দাবির পক্ষে স্বাক্ষর করেছেন।

এদিকে ফিফা এই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি তাদের 'আর্টিকেল ২৭' ধারা অনুযায়ী নিয়েছে। তবে ফিফার এই ব্যাখ্যায় মোটেই সন্তুষ্ট নন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা। তাঁদের স্পষ্ট ভাষ্য, খেলাধুলার সৌন্দর্য ও সততা টিকে থাকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর। কোনো দেশের রাজনৈতিক প্রভাবের কারণে যদি নিয়ম বদলে যায়, তবে বিশ্ব ফুটবলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা চিরতরে ক্ষুণ্ন হবে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফলোরিন বালোগুন বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেও শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচে বেলজিয়াম ৪-১ গোলের বিশাল ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

জেএইচআর

Link copied!