স্পোর্টস ডেস্ক
জুলাই ১৩, ২০২৬, ০২:৪৩ পিএম
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেন। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যের হিসাবেও এই ম্যাচটি জায়গা করে নিতে যাচ্ছে ফুটবল ইতিহাসে। দুই দলের ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ হাজার কোটি টাকারও বেশি।
তবে দল দুটির বাজারমূল্যের মধ্যে রয়েছে বড় ব্যবধান। খেলোয়াড়দের আর্থিক মূল্য বিবেচনায় এগিয়ে আছে ফ্রান্স। তাদের স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেনের খেলোয়াড়দের সম্মিলিত মূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। দুই দলের মধ্যে পার্থক্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি পাঁচ ফুটবলারের তালিকাতেও রয়েছে এই সেমিফাইনালের বড় উপস্থিতি। শীর্ষে আছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার। এরপর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার। ফরাসি তারকা মাইকেল অলিসের বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। একই মূল্যে আছেন স্পেনের পেদ্রি গঞ্জালেসও।
শীর্ষ পাঁচের আরেক খেলোয়াড় আর্লিং হালান্ডের মূল্যও প্রায় ২৩৪ মিলিয়ন ডলার। তবে নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় সেমিফাইনালের মঞ্চে তাকে দেখা যাচ্ছে না।
ফ্রান্স ও স্পেনের এই লড়াইয়ে আরও সাতজন খেলোয়াড় রয়েছেন, যাদের প্রত্যেকের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। দুই দলের মোট ২২ জন খেলোয়াড়ের মূল্য অন্তত ৫৮ মিলিয়ন ডলার। এর মধ্যে স্পেনের খেলোয়াড় সাতজন, আর ফ্রান্সের খেলোয়াড় রয়েছেন ১৫ জন।
পজিশন অনুযায়ী হিসাবেও রয়েছে দুই দলের আলাদা শক্তি। গোলরক্ষক বিভাগে ফ্রান্সের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য ৬৭ মিলিয়ন ডলার। সেখানে স্পেনের তিন গোলরক্ষকের মূল্য প্রায় ১১৪ মিলিয়ন ডলার।
রক্ষণভাগে অবশ্য এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের ডিফেন্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার। বিপরীতে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩৭ মিলিয়ন ডলার।
মাঝমাঠে আবার এগিয়ে আছে স্পেন। তাদের মিডফিল্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৯১ মিলিয়ন ডলার। ফ্রান্সের মিডফিল্ডের মূল্য প্রায় ৩৬৫ মিলিয়ন ডলার।
আক্রমণভাগে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে ফ্রান্স। ইয়ামালের মতো বিশ্বমানের তারকা থাকলেও স্পেনের আক্রমণভাগের বাজারমূল্য ফ্রান্সের চেয়ে কম। ফরাসি দলের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত মূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার।
দুই দলের বাজারমূল্যের পার্থক্য থাকলেও ফুটবল বিশেষজ্ঞদের মতে, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে জয়-পরাজয়। তবে অর্থমূল্যের বিচারে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল নিঃসন্দেহে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি লড়াই হতে যাচ্ছে।
এএন