ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১২:১৬ এএম

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গৌরবের লড়াই নয়, সঙ্গে থাকে বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ৪৮টি দল নিয়ে ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দল ও ম্যাচসংখ্যা বাড়ার কারণে এবারের টুর্নামেন্টে পুরস্কারের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ফিফা প্রথমে প্রাইজমানি হিসেবে ৭২৭ মিলিয়ন ডলারের কথা বললেও পরবর্তীতে মূল অংশগ্রহণ ও প্রস্তুতি ফি বাড়িয়ে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৬ কোটি টাকা) ঘোষণা করেছে। এই বিশাল অংক কাতার বিশ্বকাপের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুসারে, এই তহবিলের মধ্যে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার ৬৫৫ মিলিয়ন ডলার এবং বাকি ২১৬ মিলিয়ন ডলার ব্যয় হবে দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসন লজিস্টিকস বাবদ। এই অর্থ সরাসরি খেলোয়াড়দের কাছে না গিয়ে স্ব-স্ব দেশের ফুটবল ফেডারেশনের কাছে জমা হয়, যার ২০ থেকে ৩০ শতাংশ খেলোয়াড়রা পেয়ে থাকেন।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় প্রতিটি দল নিশ্চিতভাবে ১০ মিলিয়ন ডলার এবং লজিস্টিকস ও প্রশাসনিক খরচ বাবদ আরও ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছে। ফলে প্রতিটি দেশের খাতায় শুরুতেই জমা হচ্ছে ১২.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ কোটি ২২ লাখ টাকা)।

এই প্রাথমিক অর্থের পাশাপাশি মূল টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দলগুলো অতিরিক্ত বোনাস পাবে। এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন দল পারফরম্যান্স পুরস্কার হিসেবে পাবে আরও ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি ৯০ লাখ টাকা)।

এ ছাড়া রানার্সআপ দল ৩৩ মিলিয়ন, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল (মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড) প্রাথমিক ১২.৫ মিলিয়নের পাশাপাশি আরও ১৯ মিলিয়নসহ মোট ৩১.৫ মিলিয়ন ডলার করে পাচ্ছে। শেষ ষোলো থেকে ছিটকে যাওয়া আট দল (ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিশর, কলম্বিয়া, কানাডা ও প্যারাগুয়ে) অতিরিক্ত ১৫ মিলিয়নসহ মোট ২৭.৫ মিলিয়ন ডলার করে ঘরে তুলবে।

রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া জার্মানি, নেদারল্যান্ডস ও জাপানসহ ১৬টি দল মূল প্রাইজমানি হিসেবে পাচ্ছে আরও ১১ মিলিয়ন ডলার। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া ১৬টি দলও (দক্ষিণ কোরিয়া, কাতার ও উরুগুয়েসহ অন্যান্য) খালি হাতে ফিরবে না, তারা অতিরিক্ত ৯ মিলিয়ন ডলার করে পাবে। ফিফা জানিয়েছে, দলসংখ্যা বৃদ্ধি পাওয়ায় সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ থেকে তাদের বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাড়তি আয়ের অংশ হিসেবেই এবার রেকর্ড প্রাইজমানি বণ্টন করা হচ্ছে।

জেএইচআর

Link copied!