আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৫, ২০২৬, ১০:৩৭ এএম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার রাষ্ট্রপতি পদত্যাগ করার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
আবু হানিফ তার পোস্টে বলেন, "পতিত আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিদেশে চিকিৎসা করতে গিয়ে সেখান থেকে পলাতক খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। তার এই যোগাযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সঙ্গে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব ধরনের মেকানিজম করছে ভারত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয়গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সঙ্গে ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।
অনেকটা পরিস্থিতি বুঝতে পেরেই আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই।"
এএন