বিনোদন প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২২, ০৬:৪১ এএম
গত ৭ আগস্ট ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে গতকাল প্রকাশ হলো স্বপ্নীল ফাউন্ডেশনের গান-কবিতার অভিনব গানচিত্র ‘শ্রাবণের ধারার মতন’। এতে রবীন্দ্র কাব্য পাঠে আছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক এবং রবীন্দ্রসংগীতশিল্পী ফয়সাল কাদের।
পোলাক বলেন, ‘শ্রাবণের ধারা, কবিগুরুর ব্যবহূত একটি প্রতীকী শব্দ, তার অতিপ্রিয় বিচিত্র চরিত্রের শ্রাবণ নিয়ে বহু বিচিত্র ভাবনার প্রকাশ ঘটিয়েছেন গানে, কবিতায়, এমনকি গ্রামবাংলাভিত্তিক পদ্মা পর্বের কিছুসংখ্যক ছোটগল্পে। এ পরিবেশনায় শ্রাবণ বহুভাবে শ্রোতাদের কাছে ধরা দেবে।
যেমন— শ্রাবণঘনমোহে, ঘনশ্রাবণমেঘ, শ্রাবণের বরিষায় বা শ্রাবণের ধারার মতো। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি বাস্তবিকই রোমান্টিক মনের জন্য এক একক নিঃসঙ্গ অনুভূতির ভুবন তৈরি করে।
গীতাঞ্জলি ও মানসী কাব্যের মোট ৩টি কবিতার নির্বাচিত কিছু অংশ ও পূজা পর্যায়ের গানের মেলবন্ধনে এক শ্রাবণকথন। ফয়সাল কাদের অভিবাসী বাঙালি। রবীন্দ্রসংগীতের প্রতি তার নিষ্ঠা ও সাধনা তাকে দুই বাংলায় সমাদৃত করেছে।
উল্লেখ্য, এই প্রযোজনাটির ভাবনা ও শৈল্পিক নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানচিত্রে বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মডেল অনীলা তাবাসসুম হূদিকে। এ আয়োজনটি নির্দেশনা দিয়েছেন ইমরান এফ রহমান এবং সংগীতায়োজন করেছে মার্সেল। গানচিত্রটি দেখা যাচ্ছে স্বপ্নীল ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।