ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাড়ছে প্রাণহানি ও তেলের দাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ১২:২১ এএম

বাড়ছে প্রাণহানি ও তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ শক্তির হামলা ইরানে প্রথম আঘাত হানে গত শনিবার সকাল ৯টার পর। গতকাল মঙ্গলবার সকালে এই সংঘাতের ৭২ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনো পাল্টাপাল্টি হামলা চলছে। জড়িত তিনটি দেশ সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি।

আলজাজিরা ও বিবিসির ওয়েবসাইটে লাইভ ব্লগের তথ্য অনুযায়ী, চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় তেল শিল্প অঞ্চলে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। ইসরাইলের সীমান্তবর্তী এলাকা থেকে লেবানন তাদের কয়েকটি ইউনিটের সেনা সরিয়ে নিয়েছে।

পশ্চিম ইরানের হামাদানে যৌথ শক্তির হামলায় অন্তত পাঁচ ইরানি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২৫ জন। অন্যদিকে কেরমান প্রদেশে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ ইরানিসেনা। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা ৭৮৭ জনে দাঁড়িয়েছে।

সংঘাতের চতুর্থ দিনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা তুলে ধরা হলো

বাহরাইনে মার্কিন ঘাঁটি ধ্বংস

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলায় যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে।

ফার্স জানিয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে। জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি।

জ্বালানি উৎপাদন স্থগিত

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দুকুম বন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেও এই বন্দরে ড্রোন হামলা হয়েছিল। তখন এক শ্রমিক প্রাণ হারান।

ওমানের নিকটবর্তী দেশ কাতারে সোমবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। যা বিশ্বের মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। দেশটির বেশ কিছু স্থাপনায় ইরানি হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। সৌদি আরবও তাদের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ শোধনাগারে উৎপাদন স্থগিত করেছে।

দ্রুত দাম বাড়ছে

ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের দাম গতকাল ৩৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বেঞ্চমার্ক গ্যাসের দামও বেড়েছে ৩০ শতাংশ। উভয় বাজারেই এখন ২০২৩ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ মূল্যে গ্যাস লেনদেন হচ্ছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। এ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কঠোর জবাব দেয়া হবে।

বৈরুত, তেহরানে বিস্ফোরণ

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের ডজনখানেক শহর ও জনপদ লক্ষ্য করে চালানো ইসরাইলি আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

চিরকাল যুদ্ধ চালানোর অস্ত্রভাণ্ডার

যুক্তরাষ্ট্রের মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের মজুত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু এই সরঞ্জাম ব্যবহার করে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন কথা লিখেছেন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গত সোমবার মধ্যরাতে দেয়া পোস্টে ট্রাম্প আরও লিখেন, ‘আমাদের কাছে এই অস্ত্রগুলোর প্রায় সীমাহীন সরবরাহ আছে। যুক্তরাষ্ট্র সমৃদ্ধ এবং বড় জয়ের জন্য প্রস্তুত।’

দ্রুতই সর্বোচ্চ নেতা নির্বাচন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য। এ দায়িত্বে থাকা পরিষদের এক সদস্য দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ-কে বলেছেন, এই নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না।

চীনের অস্বীকার

চীন ক্রমাগত যুদ্ধবিরতি এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে যাচ্ছে। বেইজিং ইরান সরকারকে বন্ধু হিসেবে অভিহিত করেছে এবং স্পষ্ট করে দিয়েছে, তারা ইরানের নিজস্ব ভূখণ্ড ও স্বার্থ রক্ষার অধিকারকে সমর্থন করে। তবে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ইরানের কোনো প্রতিশোধমূলক পদক্ষেপকে সমর্থন করেননি।

মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ইউরোপীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে যোগ না দেয়ার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। গতকাল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে। গতকাল মঙ্গলবার তেহরানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে।’ সূত্র : এএফপি।

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের : সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল, কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে।

ইরানের ওপর চাপানো যুদ্ধ জায়নবাদী এজেন্ডার অংশ —খাজা আসিফ : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল মঙ্গলবার বলেছেন, ইরানের ওপর চাপানো যুদ্ধ একটি বৃহত্তর জায়নবাদী এজেন্ডার অংশ। যার উদ্দেশ্য হলো ইসরাইলের প্রভাবকে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত করা এবং দেশটিকে শত্রুদের দ্বারা ঘিরে ফেলা।

এক্স-এর এক পোস্টে আসিফ বলেন, ‘২২৫ মিলিয়ন পাকিস্তানি, তাদের রাজনৈতিক বা ধর্মীয় অবস্থান নির্বিশেষে, এই ষড়যন্ত্র এবং আমাদের চিরস্থায়ী শত্রুদের উদ্দেশ্য বোঝা প্রয়োজন। মধ্যপ্রাচ্যের সংঘাত কোনো সমাধান ছাড়া বিস্তৃত হচ্ছে। ইসরাইল ইরানের ওপর হামলা চালাচ্ছে এবং তেহরান সারা দেশের মার্কিন স্বার্থ ও ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।’

আসিফ ইসলামী বিশ্বের ঐক্য কামনা করে, শত্রুদের চিহ্নিত করার ক্ষমতা এবং ফিলিস্তিনের মুক্তি কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন পাকিস্তান শক্তিশালী ও নিরাপদ থাকবে এবং দেশের রক্ষকরা আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকবেন। সূত্র : জিও নিউজ

লাহোর ও করাচির আকাশপথ আংশিক বন্ধ ঘোষণা : মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের ফলে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাতিল করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এ অবস্থায় গতকাল মঙ্গলবার থেকে লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ গতকাল মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে গেলেও মস্কো এখনো এমন কোনো প্রমাণ দেখেনি যে তেহরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পক্ষে বিভিন্ন কারণ তুলে ধরেছেন। গত সোমবার এখন পর্যন্ত তার সবচেয়ে বিস্তৃত প্রকাশ্য বক্তব্যে তিনি বলেন, তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতেই তিনি হামলার নির্দেশ দিয়েছেন।

Link copied!