গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫, ০৬:১০ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
অভিযান শেষে ইউএনও জানান, অনুমতি ছাড়া মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজিং মেশিন ও প্রায় ১০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা এ কাজে জড়িত ছিলেন, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা যেন কোনো নদী বা জলাশয় থেকে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি বা বালু উত্তোলন না করে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ