উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫, ০৪:২৯ পিএম
কুড়িগ্রামের উলিপুরে গাজীপুরের প্রতিদিনের কাগজ প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হত্যার প্রতিবাদ, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাসজিদুল হুদা মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উলিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণের সঞ্চালনায় সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক ও উলিপুর প্রেসক্লাব সভাপতি মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মঞ্জরুল হান্নান, দৈনিক স্বাধীন মতের প্রতিনিধি আসলাম উদ্দিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি সহিদুল আলম বাবুল, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান চাঁদ, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি চন্দন সরকার।
মানববন্ধনে বক্তারা একযোগে বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন ও নিপীড়নের মধ্যেও কোনো সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গত ৭ আগস্ট সন্ধ্যায় জনসম্মুখে তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত প্রমাণ। প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যা কাণ্ডের মাধ্যমে সারা দেশের সাংবাদিক সমাজ নিরাপত্তা সংকটে পড়েছে। একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু একটি হত্যা নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
অপরদিকে, একই দিনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উলিপুরে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, এনটিভির (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম, স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি সহ অন্যান্য সাংবাদিকরা।
ইএইচ