সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
আগস্ট ২২, ২০২৫, ০৭:১৯ পিএম
অবহেলিত কুড়িগ্রাম জেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘মা ও শিশু দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি মানবিক এনজিও আত্মপ্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কুড়িগ্রাম সদরের হরিকেশ মাদ্রাসা মোড়ে স্থাপন করা হয়েছে।
শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম মিথুন।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ৫২ জন স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় প্রায় ৪৫০ জন প্রার্থী আবেদন করেন।
শুক্রবার প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা মো. মোফাখখারুল ইসলাম মিথুন বলেন, “আমার জন্ম কুড়িগ্রামে। এখানে ১৬টি নদ-নদীর অববাহিকায় অসংখ্য চর রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক অসচেতন। আমাদের প্রতিষ্ঠান এই মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গরিব মা ও শিশুদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করবে।”
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি তার ব্যক্তিগত অর্থায়নে যাত্রা শুরু করছে। চাকরিতে নিয়োগপ্রাপ্তদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য পদ অনুযায়ী ফেরতযোগ্য জামানত নেওয়া হবে। জামানতের জন্য ৩০০ টাকার সরকারি স্ট্যাম্পে চুক্তি করা হবে এবং চাকরি ত্যাগ করলে টাকা ফেরত দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা বলেন, “শুরুটা কুড়িগ্রাম সদর উপজেলা দিয়ে হলেও আমরা ধীরে ধীরে জেলার প্রতিটি উপজেলায় কার্যক্রম প্রসারিত করব। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আশা রাখি। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
ইএইচ