ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫, ০৩:০৫ পিএম
জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস সালামের পুনরায় যোগদানের প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিদ্যালয়ের সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা জুতা-ঝাড়ুর মিছিল বের করেন।
পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন, ছাত্রনেতা মনিরুল করিম, যুবনেতা জামাল উদ্দিন, সাখাওয়াত হোসেন সুজন, হুমায়ুন খান লোহানী, সোহেল সরকার, সিয়াম খান লোহানী, জুয়েল খান লোহানী, সাব্বির খান লোহানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী রৌদশী ও শিরিনসহ অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক প্রিন্সিপাল আব্দুস সালামের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তিনি রাজধানী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এক প্রাক্তন ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় আটক হয়েছিলেন। সে সময় জিআরপি পুলিশ তাকে কেবিন থেকে হাতেনাতে ধরে ফেলে এবং ব্যবহৃত কনডম উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বক্তারা আরও বলেন, এমন বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় নিয়োগ দেওয়া যায় না। তারা আব্দুস সালামের যোগদানের প্রচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ