ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫, ০৫:৫৫ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট-বালি দিয়ে ইট বসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, সরকারি অর্থে নির্মাণকাজ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে ইট বসানোর সময় পর্যাপ্ত মশলা ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপর ইট বসিয়ে কাজ চালানো হচ্ছে। এতে নির্মাণকাজের মান ও সড়কের স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এলাকাবাসী আশঙ্কা করছেন, সড়কটি নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে। এতে জনভোগান্তি বেড়ে যাবে এবং সরকারি কোটি কোটি টাকা নষ্ট হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সরকার রাস্তা বানানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার সেই টাকা লুটে নিচ্ছে নিম্নমানের কাজ দেখিয়ে। খেসারত শেষ পর্যন্ত আমাদেরই দিতে হবে।”
ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের জানান, “চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে লোক থাকার পরও অনিয়ম কেন হচ্ছে, সে বিষয়ে কোনো সদুত্তর দেননি।
সচেতন মহল মনে করছে, সড়ক নির্মাণে দ্রুত তদন্ত ও কঠোর তদারকি জরুরি।
ইএইচ