টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫, ০৩:০৯ পিএম
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক কিছু লোক বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি রাউন্ড ফায়ার করে মিয়ানমারের ভেতরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে এলাকায় গভীর অনুসন্ধান চালিয়ে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— জি-৩ রাইফেল ২টি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২) ১টি, এলএম-১৬ রাইফেল ১টি, ম্যাগাজিন ৮টি, মোট গুলি : ৫০৭ রাউন্ড (জি-৩ এর ১৯৯ রাউন্ড, এমএ-১ এর ১২০ রাউন্ড এবং এলএম-১৬ এর ১৮৮ রাউন্ড)।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন,“দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সীমান্ত দিয়ে কোনোভাবেই চোরাচালান, মাদক বা অবৈধ অস্ত্র প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্ভবত সন্ত্রাসী বা মাদক-অস্ত্র কারবারিদের মাধ্যমে আনা হয়েছিল, যা সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”
স্থানীয়রা জানান, বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য এনেছে। তারা মনে করেন, বিজিবির কঠোর অবস্থান না থাকলে সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা কঠিন হতো।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
ইএইচ