দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫, ০৫:১৩ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
অভিযানটি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দেবীগঞ্জ ক্যাম্পের কমান্ডার ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে আটক হয়েছেন গালান্ডি গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায় এবং করুনা কান্ত রায়ের ছেলে সুমন কুমার রায়। একই গ্রামের অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায় পলাতক রয়েছেন।
অভিযানে জব্দ করা হয়েছে ২৪ হাজার টাকা নগদ, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন ফোন, ২টি ক্যামেরা, ১৬টি সিম কার্ড, ১টি কম্পিউটার সিপিইউ ও ৩টি রেজিস্টার, যার মধ্যে জুয়ার লেনদেনের হিসাব পাওয়া গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে অনলাইন জুয়াড়িদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযানটি চালানো হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ