রায়হান জামান, কিশোরগঞ্জ
আগস্ট ২৮, ২০২৫, ০৪:২৬ পিএম
কিশোরগঞ্জে আত্মহত্যার চেষ্টা করা ছোট ভাইকে বাঁচাতে গিয়ে কচুরিপানায় আটকা পড়েন তার বড় ভাইও। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে দুই ভাইকে প্রাণে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা নদীতে।
উদ্ধার হওয়া দুই ভাই হলেন— কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও তার বড় ভাই শাকিল (৩০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও পানিতে নামেন। কিন্তু নদীতে প্রচুর কচুরিপানা থাকার কারণে দুজনেই আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, “নদীতে বিপুল কচুরিপানা ও আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে হিমশিম খেতে হয়েছে। অর্ধঘণ্টার প্রাণপণ চেষ্টার পর আমরা দুই ভাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও সতর্ক করেছেন, “নরসুন্দা নদী বর্তমানে কচুরিপানা ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দ্রুত নদী খনন ও পরিষ্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
ইএইচ