আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
আগস্ট ২৯, ২০২৫, ১০:৪৯ এএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে ইঞ্জিন বিকল হয়েছে। এতে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এ কারণে গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে যায়। তবে বিকল্প হিসেবে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।
এসআই গোলাম কিবরিয়া আরও জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ইএইচ