বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:৪৮ পিএম
পঞ্চগড়ের বোদায় দুটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি টিম অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বোদা পৌরসদরের দাড়ীপাড়া এলাকার নর্থ বেঙ্গল মুড়ি মিলকে ১০ হাজার টাকা এবং চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা ও লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, “অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। উভয় প্রতিষ্ঠানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল এবং তাদের বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।”
ইএইচ