গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:৫২ পিএম
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলন বিলে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, প্রতিযোগিতার দিন দুপুর ১২টার পর থেকে খুবজিপুর লোহার ব্রিজ দিয়ে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে।
খুবজিপুর মাঠে মোটরসাইকেলসহ যানবাহন রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিযোগিতার বিশেষ নৌকা ছাড়া অন্য কোনো নৌকা চলন বিলের গুরুদাসপুর অংশে প্রবেশ করতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমাস আলী, ওসি আসমাউল হক, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পিআইও আমিনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়া ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিযোগিতা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সদস্য, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর চলন বিলের নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও আনন্দের প্রতীক। মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাই।”
ইএইচ