শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:২৬ পিএম
বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার থেকে মাশাউরা যাওয়ার জনগুরুত্বপূর্ণ সড়কটি পানির নিচে তলিয়ে যায়। এর ফলে অন্তত ২০ হাজার মানুষ দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগে পড়ছেন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কটির বেহাল দশার কারণে বিয়ে-শাদি অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থীরা ঝরে পড়ছে এবং রোগী ও তাদের স্বজনদের জীবনে ঝুঁকি তৈরি হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়াও ভোগান্তিকর হয়ে পড়েছে।
গাড়ি না আসায় রোগীদের অনেক সময় মাথায় বা কাঁধে করে হাসপাতালে নিতে হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বর্ষার সময়ে নিয়মিতভাবে সড়কটি ডুবে যায়। এতে সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। শিক্ষার্থীরা ভিজে জামা-কাপড়ে ক্লাসে আসে, উপস্থিতি কমে যায় এবং পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হয়। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হয়।
বিজয়নগর উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, "বর্তমানে রাস্তাটি কোনো সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। ভবিষ্যতে কোনো উন্নয়ন প্রকল্প চালু হলে সদর দপ্তরে প্রস্তাবনা দেওয়া হবে।"
ইএইচ