জহিরুল হক রাসেল, কুমিল্লা
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:০৬ পিএম
কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং অবকাঠামো ও সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন আয়োজন করে ‘মানবিক কুমিল্লা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনের পরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার এবং সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা জেনারেল হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বর্তমানে এটি ১০০ শয্যার হলেও প্রতিদিন এখানে গড়ে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নেন। রোগীর চাপের তুলনায় অবকাঠামো ও সেবার মান অপ্রতুল, ফলে অনেক রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
হাসপাতালটিকে অবিলম্বে ২৫০ শয্যায় উন্নীত করা এবং জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত করার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এখানে সেবা নিয়েছেন ৩ লাখ ৩৯ হাজার রোগী, ২০২৪ সালে তা বেড়ে সাড়ে ৩ লাখে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ২ লাখ ৩০ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, “হাসপাতালটির ক্যাম্পাসে ৫ একর জায়গা রয়েছে। শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। যত দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হবে, কুমিল্লার মানুষ তত ভালো সেবা পাবেন।”
উল্লেখ্য, এই হাসপাতাল ১৮৪৫ সালে ‘কুমিল্লা চ্যারিটেবল ডিসপেনসারি’ নামে যাত্রা শুরু করে। ১৮৭১ সালে ‘কুমিল্লা দাতব্য চিকিৎসালয়’ হিসেবে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধের পর এটি ৫০ শয্যার সাধারণ হাসপাতালে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ১০০ শয্যায় উন্নীত করা হয়।
ইএইচ