ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৫৪ পিএম
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে।
ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকালে একটি বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠা বার্ষিকির র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান মাঝি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ খন্দকার, যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহামুদ, সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি সালাউদ্দিন পিপলু বলেন, “১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে সাধারণ মানুষ আমাদের পাশে ছিল। সময় এসেছে সাধারণ মানুষকে মূল্যায়ন করার। এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়। বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।”
ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি বলেন, “মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাই।”
ইএইচ