সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর)
সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:১৭ পিএম
“সৎ মানুষদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ধরে ভালো মানুষেরা রাজনীতিতে নেই বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। ভালো মানুষের দলই জনতার দল। আমরা দেশের মানুষের কথা চিন্তা করে জনতার দল গঠন করেছি এবং দেশের পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে চাই।”
এ কথা বলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী।
তিনি বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভার আয়োজন করা হয়েছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মো. আযম খান।
বিশেষ বক্তা ছিলেন দলের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, রাহেলা পারভীন শিশির ও হাসিনা কামাল।
উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ নোমান সঞ্চালনায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কর্ণেল (অব:) মো. আবুল কালাম জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, গাজীপুর জেলা আহবায়ক হাজী শামসুদ্দিন আহমেদ ও সদস্য সচিব আবু জাফর রিপন।
আলোচনা সভার শেষে দলের চেয়ারম্যান ও মহাসচিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ সংলগ্ন নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করেন। নতুন কার্যালয়ে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।
ইএইচ