সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৫ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া ও পেলিশ্যার বাজার এলাকায় অবস্থিত দুটি অবৈধ করাতকলের বিরুদ্ধে বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
করাতকল বিধিমালা ২০১২-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে দুই করাতকলের মালিককে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পেশকার মো. আবুল হোসেন, উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন ও তাঁর টিম। নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে একটি চৌকস আনসার দল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। অনুমোদনহীন করাতকল পরিচালনা এবং পরিবেশবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন সতর্ক করেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচ