শিমুল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:১০ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক মনির হোসেন ওই গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তিনি। মনিরের দুই স্ত্রী—মুক্তা ও রূপা।
এলাকাবাসীর আরও দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত এবং অতীতে একাধিকবার অনুরূপ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ ভূঁইয়া বলেন, “ঘটনাটি ধর্ষণের মতো গুরুতর অপরাধ। এ বিষয়ে কোনো প্রকার সালিশ হবে না। প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা আইনানুগ ব্যবস্থা নেবে।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, “ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ইএইচ