বিপুল মিয়া, জামালপুর
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৭ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি শামছুদ্দিন, সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী আকবরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সংগীতের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। তারা দ্রুত সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।
পরে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ইএইচ