নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:০৯ পিএম
ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে চন্ডিপাশা হাই স্কুলের খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমী এবং সঞ্চালনা করেন মাওলানা আমরুল্লাহ।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। তাই শিশুরা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে বেড়ে উঠুক—এটাই জনগণের প্রত্যাশা। সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে তারা অবাস্তব ও অনুপযুক্ত দাবি করে বলেন, নৈতিক অবক্ষয় রোধ ও সুনাগরিক গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।
বক্তারা সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশ ও মিছিলে অংশ নেন—এড. আনোয়ারুল ইসলাম চাঁন, মুফতি সাইদুর রহমান, মাওলানা শামছুল ইসলাম, বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, বিএনপি নেতা উমর ফারুক নোমানী, প্রভাষক নরুল আমিন, মুফতি এনাতেুল ইসলাম মুক্তি, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নুরুল আলম, মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় আলেম-উলামা, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।
ইএইচ