সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:১৬ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী এলাকায় চাঁদা না পেয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আব্দুল জলিল। হামলা করে কামাল ওরফে কসাই কামাল ও তার সহযোগীরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় প্রায় ১৫ বছর আগে ৪.৫ শতক জমি কিনে রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল। সম্প্রতি তিনি সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কামাল, ইমান হোসেন, রাজীব মিয়াসহ ৪-৫ জন মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জলিলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তারা।
জলিলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
আহত জলিল বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
আহত জলিলের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদ খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর