মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০৩ পিএম
নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ সহ গণমাধ্যম কর্মীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গাপূজা নিশ্চিত করতে চাই। দুর্গাপূজা এটি একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় পূজা উদ্যাপন কমিটির নেতারা প্রশাসনের প্রতি বিভিন্ন দিক থেকে সহযোগিতার অনুরোধ জানান এবং প্রশাসনও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এবছর উপজেলায় ১১৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেএইচআর