মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৩২ পিএম
ফেনীতে কারিগরি শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ট্রেন ও সড়কে যানচলাচল বন্ধ হয়ে আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়াসহ একাধিক দাবিতে আমাদের এ কর্মসূচি।
দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। আমরা মানুষের কষ্টের কারণ হতে চাই না, দ্রুত দাবি বাস্তবায়ন চাই।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরী শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। স্বতন্ত্র কারিগরী ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি।
পরে দুপুর ১টার দিকে সদর উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।
এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। জনৈক এক পথচারী বলেন, এ সড়কটিতে ফেনী জেনারেল হাসপাতালসহ তিন উপজেলার মানুষের যাতায়াত। মানুষকে কষ্ট দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে এমন দাবি আদায়ের চিত্র বদলাতে হবে।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, রেলপথ অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। ট্রেনটি গুণবতী স্টেশনে ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, কম্পিউটার ইনস্টিটিউট, ফেনী সরকারি পলিটেকনিকসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধাঘণ্টা রেলপথ অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেছি।
তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন। পরবর্তী এসব দাবির বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানাব।
জেএইচআর