নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:১৮ পিএম
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিঃসচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ঝুটন কুমার সাহা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রশিক্ষণ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, না.স. কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার সাহা রাধু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ এবং ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক মহলকেও এগিয়ে আসতে হবে।” তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা মন্দিরকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
ইএইচ