পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:১৪ পিএম
লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১১টার দিকে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অভিযোগে সহিদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সহিদুল পৌরসভার মির্জারকোট এলাকার কবারত আলীর ছেলে।
অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশের একটি দল সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ